
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড-এর প্রকল্প এলাকায় অবৈধভাবে প্রবেশ, ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় করা মামলায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমানসহ তিনজনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন শাহরিয়ার মাহমুদ ও মো. শাহ আলম ওরফে অনিক। মামলার এজাহার অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর প্রায় ৫০ জন দুষ্কৃতকারী প্রকল্প এলাকায় প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ বেশ কয়েকজন আহত হন। হামলাকারীরা নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি ক্যাবল, ক্যামেরা ও প্রফেশনাল মিডিয়া ইকুইপমেন্টসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে এবং গাড়ি ভাঙচুর করে। বাদীর অভিযোগ অনুযায়ী, এতে প্রায় এক কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং এক কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। এছাড়া আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা তাদের লক্ষ্য করেও গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাঁচ রাউন্ড শটগানের গুলি ছোড়ে এবং ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৭:৩৩:২৬ ৩ বার পঠিত #আদালত #ক্যান্টনমেন্ট থানা #নিউগিনি প্রোপার্টিজ #ভাঙচুর #রিমান্ড #লুটপাট #সাংসদ জামাতা