নিরাপত্তার কারণে খুলনা ও বাগেরহাট থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকেরা। বুধবার বেলা দুইটার পর থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী খুলনা থেকে ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়ক অবরোধের খবর পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বাগেরহাট থেকে ঢাকাগামী সব পরিবহনের বাস চলাচল বুধবার দুপুরের আগেই বন্ধ হয়ে গেছে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান জানান, গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ফকিরহাট থেকে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ থেকে কাশিয়ানী সড়কেও গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরির খবর পাওয়া গেছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে মালিকেরা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে। এছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টার ব্যবস্থাপক আবদুল কাদের জানান, নিরাপত্তার স্বার্থে তারা কাউন্টারের সাইনবোর্ড থেকে টুঙ্গিপাড়া নামটি ঢেকে দিয়েছেন। তবে খুলনা-বাগেরহাট, বাগেরহাট-পিরোজপুর ও বাগেরহাট-শরণখোলাসহ অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ৭:০৫:৪০ ৯ বার পঠিত #খুলনা #গোপালগঞ্জ #নিরাপত্তা #পরিবহন #বাগেরহাট #বাস চলাচল