চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিল ইয়াসিন বাহিনী। ফেসবুক পেজ ও ভুয়া আইডি ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, সরকারি সিদ্ধান্ত ও বিভিন্ন কার্যক্রম নিয়ে মিথ্যা ও উসকানিমূলক তথ্য প্রচারের অভিযোগ রয়েছে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। পরিকল্পিত পোস্ট, সমন্বিত লাইক-কমেন্ট-শেয়ার এবং অর্থের বিনিময়ে পেইড বুস্টিংয়ের মাধ্যমে এসব প্রচারণা চালানো হতো।
এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার অভিযোগে ইয়াসিন বাহিনীর ছয় সহযোগীকে গ্রেপ্তারের পর বুধবার এ তথ্য জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী এবং জেলার হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে আটটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন মোবাইল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মুঠোফোনগুলোর ফরেনসিক পরীক্ষার মাধ্যমে অপপ্রচারের নেটওয়ার্ক, অর্থায়ন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, আবদুর শুকুর, পারভেজ মোশাররফ, মেহেদী হাসান, সাকিবুল হাসান ও আনোয়ার হোসেন। পুলিশের ভাষ্যমতে, তাঁরা র্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোর মতো অপরাধে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত।
পুলিশের তথ্য অনুযায়ী, আবদুর শুকুর ইয়াসিন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। মেহেদী হাসান ও সাকিবুল হাসান ইয়াসিনের বোনের ছেলে এবং ‘আলীনগর বহুমুখী সমবায় সমিতি’র ফেসবুক পেজের অ্যাডমিন। আনোয়ার হোসেনও ইয়াসিনের বোনের ছেলে এবং বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে প্রচার চালানোর কাজে যুক্ত ছিলেন। পারভেজ মোশাররফ ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই ইয়াসিনের সহযোগী। এ ছাড়া ‘আলীনগর বহুমুখী সমবায় সমিতি’ ফেসবুক পেজসহ বিভিন্ন ভুয়া আইডি ও পেজ ব্যবহার করে পুলিশ, বিজিবি ও র্যাবসহ সরকারি সংস্থার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানোর তথ্য পাওয়া গেছে। এ ধরনের ৩৯টি ফেসবুক পেজ ও আইডির সন্ধান পাওয়া গেছে এবং সেগুলো নিয়ে অনুসন্ধান চলছে।
চলতি বছরের ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে প্রথমবারের মতো জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই অভিযানের পর থেকে ইয়াসিনসহ তাঁর বাহিনীর সদস্যরা পলাতক। বর্তমানে সেখানে বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার।
বাংলাদেশ সময়: ৮:২৩:২৯ ৪ বার পঠিত #অপপ্রচার #ইয়াসিন বাহিনী #গ্রেপ্তার #চট্টগ্রাম #জঙ্গল সলিমপুর #পুলিশ #সীতাকুণ্ড