কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা মামলার অভিযুক্ত ব্যক্তিদের প্রকৃত বয়স নির্ধারণ করে আইনের আওতায় আনার দাবি জানান। তাঁরা জোর দিয়ে বলেন, বয়সের অজুহাতে কেউ যেন বিচার থেকে রেহাই না পান।
বাংলা ভাষা-সাহিত্য পরিষদের সহসভাপতি সাইফুল মালেকের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন কলা ও মানবিক অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক শামসুজ্জামান মিলকী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোলাম মাওলাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।
শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বাংলা বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মোসাব আহমেদ অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তিদের কিশোর প্রমাণের চেষ্টা চলছে। ১৬তম ব্যাচের শিক্ষার্থী শানীন অশ্রু আশঙ্কা প্রকাশ করেন যে, অপরাধীদের শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে অপরাধীরা উৎসাহিত হতে পারে।
কলা ও মানবিক অনুষদের ডিন শামসুজ্জামান মিলকী বলেন, যত দিন এই বিচার নিষ্পত্তি না হবে, তত দিন তাঁরা রাস্তায় দাঁড়াবেন। বিভাগীয় প্রধান গোলাম মাওলা জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানান।
গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতী এলাকার বাসা থেকে বের হওয়ার পর ১৩ বছর বয়সী অপ্রতিম নিখোঁজ হয়। পরদিন সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক। পুলিশ জানিয়েছে, ১৯ বছর বয়সী সাইফুল ইসলাম তুহিনসহ তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০:২৯:৩৩ ১৪ বার পঠিত #অপরাধ #অপ্রতিম হত্যা #কুমিল্লা বিশ্ববিদ্যালয় #বিচার দাবি #মানববন্ধন