রাজধানীর মিরপুরের রূপনগরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এবং অন্যত্র বিয়ে ঠিক হওয়ার জেরে নূপুর নামের এক পোশাকশ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় নূপুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
হামলাকারী নূপুরের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়েছে। এতে তাঁর মেরুদণ্ডের একটি হাড় কেটে গেছে। বুকের হাড় ভেঙেছে। বাঁ হাতে মারাত্মক জখম হয়েছে। ডান হাতের আঙুল কেটে গেছে। মুখে আঘাতের কারণে তিনটি দাঁত পড়ে গেছে।
নূপুরের মামাতো ভাই সিফাত হাসান রাকিব জানান, নূপুরের মেরুদণ্ড ও বুকের হাড় ভেঙে গেছে এবং তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকদের মতে, তাঁর পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগতে পারে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নূপুরের চিকিৎসার জন্য প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হচ্ছে, যা বহন করা তাঁদের পক্ষে অসম্ভব। নূপুরের বড় বোন লিজা আক্তার জানান, হামলাকারী রায়হান মিয়া (২০) আগে নূপুরের সঙ্গে একই কারখানায় কাজ করতেন এবং দীর্ঘদিন ধরে তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার এক সপ্তাহ আগে নূপুর তাঁকে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে ১১ ডিসেম্বর তাঁর বিয়ে ঠিক হওয়ার কথা জানিয়েছিলেন। গত বুধবার দুপুরে কারখানা থেকে বাসায় ফেরার পথে রায়হান তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। এ ঘটনায় লিজা আক্তার বাদী হয়ে রূপনগর থানায় মামলা করেছেন। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি সিদ্দিক জানান, রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩:০৫:১১ ৪৪ বার পঠিত #অপরাধ #গ্রেফতার #পোশাকশ্রমিক #মামলা #রাজধানী #রূপনগর