গাজীপুরের কালীগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল রহমান আশরাফী ওরফে খোকন (৪৪)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ পৌরসভার তুমুলিয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার এড়াতে খোকন কাতার থেকে ফেরার আগে নিজের বাড়ির চারপাশে এবং বাড়ি থেকে প্রধান সড়ক পর্যন্ত বেশ কয়েকটি সিসি ক্যামেরা স্থাপন করান। পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করতেই সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন তিনি।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর খোকন পালিয়ে কাতারে চলে যান। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকে সরকারবিরোধী আন্দোলনে অংশ নিতে দুই দিন আগে তিনি গোপনে দেশে ফেরেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান জানান, খোকনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন-সংক্রান্ত মামলা এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে রোববার সকালে গাজীপুর আদালতে সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ২২:২১:৩৩ ৩৪ বার পঠিত #অপরাধ #কালীগঞ্জ #গাজীপুর #গ্রেপ্তার #যুবলীগ