সাগর-রুনি হত্যা তদন্তে স্থবিরতা, আগের তদন্ত কর্মকর্তাদের খুঁজে পাচ্ছে না টাস্কফোর্স

প্রথম পাতা » জাতীয় » সাগর-রুনি হত্যা তদন্তে স্থবিরতা, আগের তদন্ত কর্মকর্তাদের খুঁজে পাচ্ছে না টাস্কফোর্স
বুধবার, ৩ জুন ২০২৬



সাগর-রুনি হত্যা তদন্তে স্থবিরতা, আগের তদন্ত কর্মকর্তাদের খুঁজে পাচ্ছে না টাস্কফোর্স

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ার কারণ হিসেবে আগের তদন্ত কর্মকর্তাদের খুঁজে না পাওয়ার বিষয়টি তুলে ধরেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (৩ জুন) সকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাগর-রুনির ছেলে মেঘ এবং মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, মামলার বর্তমান তদন্তকারী টাস্কফোর্স আগের তদন্ত কর্মকর্তাদের সন্ধান পাচ্ছে না। এছাড়া ঘটনার গুরুত্বপূর্ণ আলামত ও নথিপত্রের একটি অংশও তাদের হাতে পৌঁছেনি। ফলে তদন্তে ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে এবং নতুন তদন্ত দলকে নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে।

তিনি বলেন, “ঘটনার তদন্তের ধারাবাহিকতা নেই। ঘটনার পর যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ক্রাইম সিনে কাজ করেছিলেন, তাদের অনেককেই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না।”

তবে এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও বিচারিক প্রক্রিয়া অব্যাহত রাখতে তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি। এ সময় মেঘ তার বাবা-মা হত্যার বিচার দাবি করলে অ্যাটর্নি জেনারেল তাকে আশ্বস্ত করেন।

এদিকে মামলার বাদীপক্ষের আইনজীবী শিশির মনির বলেন, অতীতে সংগৃহীত কিছু জবানবন্দি ও গুরুত্বপূর্ণ ডিএনএ রিপোর্ট এখনো নথিভুক্ত রয়েছে। এর মধ্যে একটি ডিএনএ পরীক্ষা যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে করা হয়েছিল। তদন্তের অগ্রগতির তথ্য পরিবার ও জনসাধারণের সামনে উপস্থাপন করা হলে মামলাটি নিয়ে নতুন আশার সঞ্চার হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের উদ্দেশ্য এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে পারেনি তদন্তসংশ্লিষ্ট সংস্থাগুলো। উচ্চ আদালতের নির্দেশে প্রায় এক বছর আগে গঠিত উচ্চপর্যায়ের টাস্কফোর্সও এখন পর্যন্ত মামলার রহস্য উদ্ঘাটনে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:০৭   ১৩১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ