নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকায় সালাউদ্দিনের চায়ের দোকানে বসে থাকা মো. জামাল উদ্দিন নামের এক বৃদ্ধকে গুলি করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাথায় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে দোকানের সামনে এসে তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। এতে তিনি বাঁ হাঁটু ও ঊরুতে গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী জানান, রাত ১২টার দিকে তাঁকে হাসপাতালে আনা হয় এবং তিনি চিকিৎসাধীন আছেন। স্থানীয় বাসিন্দাদের ধারণা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের সঙ্গে এই হামলার যোগসূত্র থাকতে পারে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০:৫৬:৪৩ ১০ বার পঠিত #অপরাধ #গুলি #নির্বাচন #নোয়াখালী #সোনাইমুড়ী