মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ইউরোপের প্রাকৃতিক গ্যাসের বাজারে। সরবরাহ সংকটের আশঙ্কা এবং শীতকালীন চাহিদা নিয়ে উদ্বেগের মধ্যে ইউরোপে গ্যাসের দাম ২০২২ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বাজারের তথ্য অনুযায়ী, ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি মেগাওয়াট-ঘণ্টায় ৯৭ ইউরো ছাড়িয়ে গেছে। এর ফলে প্রতি মেগাওয়াট-ঘণ্টা গ্যাসের দাম দাঁড়িয়েছে ৯৭ দশমিক ১৫ ইউরোতে, যা প্রায় ১০৮ দশমিক ৮ মার্কিন ডলারের সমান।
গ্রিনিচ মান সময় সকাল ৮টা ২০ মিনিটে ইউরোপীয় গ্যাস ফিউচার এই দরে লেনদেন হচ্ছিল। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্রতর হওয়ায় বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আসা এলএনজি বৈশ্বিক সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ জোগান দিত, তবে সরবরাহে বিঘ্নের কারণে এই অঞ্চল থেকে সরবরাহ গত বছরের তুলনায় প্রায় ৮০ শতাংশ কমে গেছে। ইউরোপীয় ইউনিয়নের গ্যাস মজুদের পরিস্থিতিও উদ্বেগজনক। গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ইউরোপের (জিআইই) তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের গ্যাস সংরক্ষণাগারগুলো বর্তমানে ধারণক্ষমতার ৭৪ দশমিক ৬ শতাংশ পূর্ণ, যা মৌসুমের ঐতিহাসিক গড়ের তুলনায় কম। সংঘাত দীর্ঘস্থায়ী হলে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দাম আরও অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬:২১:২৬ ১২ বার পঠিত #অর্থনীতি #ইউরোপ #জ্বালানি সংকট #প্রাকৃতিক গ্যাস #মধ্যপ্রাচ্য