ব্রেস্ট ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সময়মতো চিকিৎসকের পরামর্শ নিতে উৎসাহিত করতে এভারকেয়ার হসপিটাল ঢাকায় একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে হাসপাতালের নারী কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে স্তন ক্যানসারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা এবং রোগ প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডা. রত্নদীপ চাস্কার, গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এভারকেয়ার হসপিটাল ঢাকার মেডিকেল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ বলেন, স্তন ক্যানসারের চিকিৎসায় রোগের ধরন ও পর্যায় অনুযায়ী সার্জারি, কেমোথেরাপি, হরমোনথেরাপি, ইমিউনোথেরাপি, রেডিওথেরাপি এবং অন্যান্য চিকিৎসাপদ্ধতির প্রয়োজন হতে পারে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা করা সহজ হয়।
রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য্য বলেন, স্তনে নতুন কোনো চাকা, আকার বা ত্বকের পরিবর্তন কিংবা নিপল থেকে অস্বাভাবিক নিঃসরণ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় পারিবারিক ও পেশাগত দায়িত্ব সামলাতে গিয়ে নারীরা নিজেদের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট মনোযোগ দিতে পারেন না। আমরা চাই, নারীরা নিজেদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলাদেশ সময়: ১৯:২৩:০৪ ৭ বার পঠিত #এভারকেয়ার হসপিটাল #চিকিৎসা #ব্রেস্ট ক্যানসার #স্তন ক্যানসার #স্বাস্থ্য সচেতনতা