সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে মোট ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির দুটি প্রস্তাব অনুমোদন করেছে। শনিবার (২৪ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত ২০২৬ সালের ৫১তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী, সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনা হবে। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) মূল্য থেকে ০.১৭ মার্কিন ডলার কম। এছাড়া, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে, যা ২০২৬ সালের ২০ ডিসেম্বর সরবরাহ করা হবে। এই কার্গোর ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম হবে জেকেএম মূল্য থেকে ০.১০ মার্কিন ডলার কম।
বাংলাদেশ সময়: ১৭:০০:০৭ ৮ বার পঠিত #আমদানি #এলএনজি #কাতার #ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি #জ্বালানি #সরকার #সিঙ্গাপুর