যৌতুকের দাবিতে স্ত্রী রেহানাকে শ্বাসরোধে হত্যার দায়ে মো. মিজানুর রহমান ওরফে মিজান হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪। রোববার (২৫ অক্টোবর) বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রেহানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন মিজান। হত্যাকাণ্ডের প্রায় ২০ দিন আগে তিনি পুনরায় ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। ২০১৯ সালের ২৫ জুলাই সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ভাড়া বাসায় রেহানাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন মিজান।
ঘটনার পরদিন ২৬ জুলাই রেহানার বড় ভাই মো. আব্বাস দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়ার পর মিজান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তদন্ত শেষে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর পুলিশ অভিযোগপত্র দাখিল করে এবং বিচার চলাকালে আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৪:১৪:৩৯ ৬ বার পঠিত #আদালত #কেরানীগঞ্জ #নারী ও শিশু নির্যাতন #মৃত্যুদণ্ড #যৌতুক #হত্যা