জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার মিরপুর-১০ গোলচত্বর এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৩ অক্টোবর মিরপুর মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল ওহিদ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। শুনানিকালে নাসির উদ্দিন সাথীকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মো. কামরুজ্জামান স্বপন শুনানিতে বলেন, তদন্তে ঘটনার সঙ্গে আসামির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ও ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া গ্রেপ্তার না দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, নাসির উদ্দিন সাথী গত বছরের আগস্ট মাস থেকে কারাগারে আছেন এবং তিনি অসুস্থ। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ গোলচত্বর এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান শিক্ষার্থী মাহফুজুর রহমান। এ ঘটনায় দায়ের করা মামলায় গত বছরের ১৭ আগস্ট নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। আসামির আইনজীবী সোহরাব হোসেন রুবেল জানান, এখন পর্যন্ত তাকে পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও কারামুক্তির অপেক্ষায় থাকা অবস্থায় নতুন মামলায় গ্রেপ্তার দেখানোকে তিনি মানবাধিকার লঙ্ঘন ও আইনের শাসনের পরিপন্থী বলে দাবি করেছেন।
বাংলাদেশ সময়: ১০:১২:৪৯ ৬ বার পঠিত #আদালত #গ্রেপ্তার #জুলাই গণঅভ্যুত্থান #নাসির উদ্দিন সাথী #মাইটিভি #মামলা #মিরপুর