
রাজধানীর কদমতলী এলাকার পোস্তগোলায় ২৫ লাখ টাকার হেরোইন উদ্ধারের মামলায় মো. মহিউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. খোরশেদ আলম এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন জানান, রায় ঘোষণার আগে কারাগার থেকে আসামিকে আদালতে হাজির করা হয় এবং রায় শেষে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২৩ নভেম্বর দিবাগত রাত একটার দিকে র্যাবের একটি দল কদমতলীর পোস্তগোলায় অভিযান চালিয়ে মহিউদ্দিনকে আটক করে। তাঁর কাছ থেকে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে মাদক কারবারিদের কাছে বিক্রি করতেন। তদন্ত শেষে ২০২২ সালের ২১ জানুয়ারি কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম অভিযোগপত্র জমা দেন এবং ২০২৩ সালের ১১ এপ্রিল বিচার শুরু হয়। বিচারকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:২৫:৫৮ ৫ বার পঠিত #অপরাধ #আদালত #কদমতলী #মাদক মামলা #যাবজ্জীবন কারাদণ্ড #হেরোইন