
রণবীর কাপুর অভিনীত এবং নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমাটি মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া ফেলেছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ১০ কোটি ৫০ লাখ রুপি। গত শনিবার পর্যন্ত ভারতে প্রায় ১ লাখ ৮৯ হাজার টিকিট বিক্রি হয়েছে, যা ৪ হাজার ৪৩৯টি প্রদর্শনী থেকে এসেছে। বর্তমানে প্রেক্ষাগৃহে আসন পূরণের হার ১৯ শতাংশ। সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে সর্বোচ্চ ৯ কোটি ১৫ লাখ রুপি আয় হয়েছে। এছাড়া কন্নড় সংস্করণ থেকে ১ কোটি ৩ লাখ এবং তেলুগু সংস্করণ থেকে ৩১ লাখ ২৫ হাজার রুপি আয় হয়েছে। অগ্রিম বুকিংয়ের ৬৪ শতাংশই থ্রিডি সংস্করণের দখলে, যার মধ্যে সাধারণ থ্রিডি প্রদর্শনী থেকে ৬ কোটি ৭২ লাখ এবং আইম্যাক্স থ্রিডি থেকে ২ কোটি ৫০ লাখ রুপি আয় হয়েছে। ভারতের বাইরেও সিনেমাটি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে সিনেমাটির অগ্রিম বুকিং ১১ লাখ ডলার ছাড়িয়েছে, যার মধ্যে উত্তর আমেরিকা থেকেই এসেছে প্রায় ৪ লাখ ৭৫ হাজার ডলার। হিন্দু মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত সিনেমাটি দুই পর্বে মুক্তি পাবে। প্রথম পর্ব আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা রয়েছে। সিনেমাটিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করেছেন।
বাংলাদেশ সময়: ১১:০১:৩৩ ৭ বার পঠিত #অগ্রিম টিকিট #বলিউড #রণবীর কাপুর #রামায়ণ #সিনেমা