
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে এক আন্দোলনকারী আহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। মামলার এজাহারে দিলীপ কুমার আগরওয়ালাকে ৩১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তদন্ত কর্মকর্তার দাবি, ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার সময় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে পুলিশের আবেদনে উল্লেখ করা হয়। এর আগে, চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণ ও হীরা কেনাবেচা এবং অর্থপাচারের অভিযোগে গুলশান থানায় দায়ের করা আরেকটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
বাংলাদেশ সময়: ২৩:৩৫:১৫ ১২ বার পঠিত #আদালত #ডায়মন্ড ওয়ার্ল্ড #দিলীপ কুমার আগরওয়ালা #বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন #রিমান্ড #হত্যাচেষ্টা মামলা