রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ ওরফে লেলিনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত এ আদেশ দেন। এর আগে পুলিশ তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিল।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে একদল লোক হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে প্রবেশ করে। তারা প্রতিষ্ঠানের দুই নৈশপ্রহরীকে মারধর করে বেঁধে রাখে। এরপর হামলাকারীরা ভেকু ব্যবহার করে প্রতিষ্ঠানের পাঁচটি ঘর ভেঙে ফেলে এবং আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ ও এসি-সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় ১ কোটি ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার মো. হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে শাহআলী থানায় মামলা দায়ের করেন। পুলিশের তালিকায় ‘শ্যুটার লেলিন’ হিসেবে পরিচিত আবুল কালাম আজাদকে সোমবার ভোরে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:৩৫:৪৮ ২৩ বার পঠিত #অপরাধ #আদালত #ছাত্রদল #মিরপুর #রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র #রিমান্ড #লুটপাট