বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সাক্ষরতার দক্ষতা, শিক্ষার মান, সুশাসন ও সরকারি সেবা নিয়ে জনগণের মনোভাব জানতে ‘লিটারেসি অ্যাসেসমেন্ট অ্যান্ড সিটিজেন পারসেপশন সার্ভে’ শীর্ষক একটি জরিপ পরিচালনার উদ্যোগ নিয়েছে। ২৪ কোটি ৭৭ লাখ টাকার এই প্রকল্পে কেবল ভ্রমণ ও যাতায়াত খাতেই পৌনে ১০ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।
প্রকল্পের ব্যয় প্রস্তাব বিশ্লেষণে দেখা যায়, ভ্রমণ বাবদ ৯ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার টাকা, পরিবহন বাবদ ১৪ লাখ ৮০ হাজার টাকা, যাতায়াত বাবদ ৩ লাখ টাকা এবং জরিপ কার্যক্রমে প্রায় ৫ কোটি ৭ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। এই চারটি খাতের সম্মিলিত ব্যয় ১৪ কোটি ৬২ লাখ ৪৬ হাজার টাকা, যা মোট প্রকল্প ব্যয়ের প্রায় ৫৯ শতাংশ। একই কার্যক্রমের ব্যয় একাধিক খাতে অন্তর্ভুক্ত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এছাড়া কম্পিউটার সামগ্রী কেনা ও মেরামতের জন্য মোট ৮১ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে, যা মোট প্রকল্প ব্যয়ের প্রায় ৩ দশমিক ২৭ শতাংশ। একই ধরনের সরঞ্জাম কেনার জন্য দুই জায়গায় বরাদ্দ রাখা হলেও তার ব্যাখ্যা নেই। জরিপ পরিচালনা ও তথ্য সংগ্রহের কাজে যুক্ত ব্যক্তিদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের জন্য ২ কোটি ২৭ লাখ টাকা এবং সম্মানি বাবদ ৫৭ লাখ ৮০ হাজার টাকা রাখার প্রস্তাব করা হয়েছে।
প্রকল্পের উদ্দেশ্য হলো সাক্ষরতার প্রকৃত দক্ষতা মূল্যায়ন এবং নাগরিকদের বিভিন্ন বিষয়ে ধারণা ও অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত আড়াই বছর মেয়াদী এই প্রকল্পটির পুরোপুরি অর্থায়ন হবে সরকারি অর্থে (জিওবি)।
বাংলাদেশ সময়: ১২:২১:৩৭ ৭ বার পঠিত #জরিপ #দুর্নীতি #প্রকল্প #বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো #বিবিএস #ব্যয় #শিক্ষা