সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে আয়োজিত একটি ঘরোয়া বাউলগানের আসর স্থানীয়দের আপত্তির মুখে বন্ধ হয়ে গেছে। যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলী তাঁর মেয়ের জন্মদিন উপলক্ষে নিজ বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যেখানে স্থানীয় দুই নারী বাউলশিল্পী তানিশা ও নীলার গান গাওয়ার কথা ছিল।
আয়োজনটি বন্ধের দাবিতে আতাহার আলী ও কামরুল হাসান নামের দুই ব্যক্তি দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত আবেদন করেন। আবেদনে দাবি করা হয়, হাতিয়া গ্রাম দীর্ঘদিন ধরে ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী ঐতিহ্যের জন্য পরিচিত এবং সেখানে নারী শিল্পীদের গানের আয়োজন চললে এলাকায় উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে।
পুলিশের পক্ষ থেকে আয়োজক শওকত আলীর সঙ্গে কথা বলার পর তিনি অনুষ্ঠানটি বাতিল করেন। দিরাই থানার ওসি আমিনুল ইসলাম জানান, আপত্তি ওঠার পর আয়োজক নিজেই গানবাজনা না করার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে দিরাই উপজেলা সদরে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচও স্থানীয় বাধার মুখে বাতিল করতে হয়েছিল। উদীচী শিল্পীগোষ্ঠীর সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি জাহাঙ্গীর আলম এ ধরনের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।
বাংলাদেশ সময়: ১২:২১:০৫ ৭ বার পঠিত #দিরাই #ধর্মীয় মূল্যবোধ #প্রতিবাদ #বাউলগান #সাংস্কৃতিক অনুষ্ঠান #সুনামগঞ্জ