বিটিআরসির ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ, আইওএফের ১২ জনের জামিন বাতিল

প্রথম পাতা » রাজধানী » বিটিআরসির ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ, আইওএফের ১২ জনের জামিন বাতিল
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫



বিটিআরসির ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ, আইওএফের ১২ জনের জামিন বাতিল

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের (এমডিএফ) ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়া ১২ আসামির জামিন বাতিল করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালতে এই আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিটিআরসির ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে করা মামলায় গত ২৭ অক্টোবর ১২ জনের জামিন মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত। রাষ্ট্রপক্ষ থেকে তাদের জামিন বাতিল চেয়ে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়। এখন আসামিদের গ্রেফতারে আর বাধা নেই।

এর আগে গত ১০ নভেম্বর তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে আদালত এ বিষয়ে শুনানির জন্য ১৩ নভেম্বর ধার্য করেন।

জামিন বাতিল হওয়া আসামিরা হলেন– আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মঈনুল হক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল হান্নান, আশিক আহমেদ, গাজী মো. সালাহউদ্দিন, হাফিজুর রহমান, খালিদ ইসলাম, মো. মাহতাবুল আমিন, সোহেল শরীফ, তাজিন আলম, নাদির শাহ কোরেশী, মীর নাসির হোসেন ও সিসিও মুসফিক মনজুর।

আসামিরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটর্সদের সংগঠন আইজিডব্লিউ অপারেটরস ফোরামের (আইওএফ) নির্বাহী কমিটির সদস্য।

এ মামলায় সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ সোহেল ফসিহুর রহমান এবং সায়ান এফ রহমানসহ ২৭ জন এজাহারনামীয় আসামি।

এর আগে বিটিআরসির পক্ষে সংস্থাটি সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম গত ১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান থানায় এ মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) গঠনের পর প্রতিষ্ঠানগুলো লাইসেন্স এবং চুক্তির শর্ত ও বিশ্বাস ভঙ্গ করাসহ প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করে। নেটওয়ার্ক উন্নয়নে আদায় করা মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের টাকা আত্মসাতে জড়িত ছিল আইওএফ কার্যনির্বাহী কমিটির এসব সদস্য। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক কল পরিচালনায় নিয়োজিত আন্তর্জাতিক গেটওয়ে খাত কুক্ষিগত করেন সালমান এফ রহমান। তার প্রত্যক্ষ নেতৃত্বে গড়ে ওঠে আইওএফ নামের এ সিন্ডিকেট।

এতে আরও বলা হয়, সালমান এফ রহমানের নির্দেশনায় প্রতি মাসে আইজিডব্লিউ অপারেটরদের বিপুল অঙ্কের অর্থ জমা দিতে হতো তার মালিকানাধীন বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডে। অথচ এ প্রতিষ্ঠানটির নামে আইজিডব্লিউ পরিচালনার কোনো লাইসেন্স নেই। মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের নামে অর্থ সংগ্রহ করা হলেও এর প্রকৃত ব্যবহার সম্পর্কে অবগত নন খোদ আইজিডব্লিউ অপারেটররাই।

বাংলাদেশ সময়: ২৩:১০:৩৮   ৯৬ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


বিডিআর বিদ্রোহ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি ফখরুলের
পিলখানা হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
নগদে বিনিয়োগ গভর্নরের সঙ্গে বৈঠক করলেন আরমান
অপরাধ করলেই গ্রেপ্তার, অনুমতি লাগবে না
বাসসের এমডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন
শপথ অনুষ্ঠানে একবারও বলা হলো না ‘মহামান্য রাষ্ট্রপতি’
ঢাকা বারে এককভাবে লড়বে আইনজীবী অধিকার পরিষদ
গণভোটের ফল স্থগিতের রিট, আইনি লড়াইয়ের ঘোষণা শিশির মনিরের
ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো
দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১৩টি আসনে ১৫ শতাংশ ভোট পড়েছে

Law News24.com News Archive

আর্কাইভ