কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতসংলগ্ন তিনতলা টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল ৭টা ২৩ মিনিটে আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। রিসোর্টটির তিনতলার দুটি শৌচাগার থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
সমুদ্রের তীব্র বাতাসে কাঠের রিসোর্টে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ধরনের স্থাপনায় বহনযোগ্য অগ্নিনির্বাপক যন্ত্র, অগ্নিসংকেত, হোস পাইপ ও অগ্নিনিরাপত্তা পরিকল্পনা থাকা দরকার। কিন্তু রিসোর্টটিতে এগুলোর কিছুই ছিল না। ফায়ার লাইসেন্সও ছিল না।
রিসোর্টটি মাত্র সাত-আট মাস আগে নির্মাণ করা হয়েছিল এবং এর মালিকানা নিয়ে দ্বন্দ্ব ছিল বলে জানা গেছে। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত হয়েছে, যার মধ্যে পাঁচজন নারী ও এক শিশু রয়েছে। দগ্ধ ছয়জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:২১:৪১ ৯ বার পঠিত #অগ্নিকাণ্ড #উখিয়া #কক্সবাজার #দুর্ঘটনা #নিহত #রিসোর্ট