শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করলেও রফতানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকবে। বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারা নিশ্চিত করেছেন যে, কারখানাগুলোতে দুর্গাপূজার জন্য আলাদা কোনো সাধারণ ছুটি থাকবে না। তবে সনাতন ধর্মাবলম্বী শ্রমিকেরা পূজার ছুটি নিতে পারবেন, যা তাদের নৈমিত্তিক বা অর্জিত ছুটি থেকে সমন্বয় করা হবে।
শ্রম আইন ও বিধিমালা অনুযায়ী নির্ধারিত উৎসব ছুটির নিয়ম অনুসরণ করে নিজ নিজ কারখানার শ্রমিকদের ছুটি দেওয়ার অনুরোধ করেছে বিজিএমইএ।
বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের মতে, বছরের শুরুতে ট্রেড ইউনিয়ন বা অংশগ্রহণ কমিটির সঙ্গে আলোচনার মাধ্যমে প্রতিটি কারখানার জন্য ১৩ দিনের ছুটির তালিকা চূড়ান্ত করা হয়, যেখানে সাধারণত দুর্গাপূজার ছুটি অন্তর্ভুক্ত থাকে না। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার এই প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, নৈমিত্তিক বা অর্জিত ছুটি থেকে কেটে নেওয়া হলে সেটিকে উৎসব ছুটি বলা যায় না। এর আগে সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজিএমইএ তাদের কার্যালয়ের জন্য ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করলেও বিভ্রান্তি এড়াতে ২২ অক্টোবরের ছুটি বাতিল করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:২৩:১৯ ৫ বার পঠিত #ছুটি #তৈরি পোশাক শিল্প #দুর্গাপূজা #বিকেএমইএ #বিজিএমইএ #শ্রমিক অধিকার