নোয়াখালীতে চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা

প্রথম পাতা » অপরাধ » নোয়াখালীতে চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা
রবিবার, ১৭ আগস্ট ২০২৫



নোয়াখালীতে চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা

নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদার টাকা না পেয়ে মো. সালাউদ্দিন ওরফে রিদন (৩২) নামে এক প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে হাতের কবজি কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌরাস্তার আলীপুরের কন্ট্রাক্টর পোলের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

হামলার শিকার মো. সালাউদ্দিন ওরফে রিদন (৩২) উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার গনি বলিগো বাড়ির প্রবাসী লাকী বেগমের ছেলে। পরিবারের অভিযোগ, হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক কারবারি।

ভুক্তভোগী প্রবাসীর মামা আব্দুল কাদেরের অভিযোগ, রিদন তার মায়ের সাথে দক্ষিণ আফ্রিকা চাকরি করে জীবিকা নির্বাহ করত। গত এক বছর আগে তিনি দেশে আসেন। আগামী সেপ্টেম্বর মাসে তার নতুন করে কাতার যাওয়ার কথা ছিল। তার মা বর্তমানে দক্ষিণ আফ্রিকা রয়েছেন। গত ৩-৪ মাস আগে রিদন তাদের আলীপুর গ্রামের নিজ বাড়ির কিছু পৈত্রিক সম্পত্তি বিক্রি করে দেন। ওই সম্পত্তি বিক্রি করায় স্থানীয় রকি, সোহাগ, রাহাত, ফাহাদ, জাকের রিদনের কাছে চাঁদা দাবি করে আসছিল। রিদন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সাথে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বিরোধ এড়াতে রিদন তার মায়ের পরামর্শে কন্ট্রাক্টর পোল এলাকায় বাসা ভাড়া নেন।

তিনি আরও বলেন, শনিবার সকালে রিদন মোটরসাইকেলযোগে ভাড়া বাসা থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে চৌমুহনী পৌরসভার চৌরাস্তার আলীপুরের কন্ট্রাক্টর পোলের জয়নাল আবেদিন স্কুল এলাকায় রিদনের গতিরোধ করে রকি, সোহাগ, রাহাত, ফাহাদসহ তাদের সাঙ্গপাঙ্গরা। একপর্যায়ে হামলাকারী রিদনকে এলাপাতাড়ি কুপিয়ে বাম হাতের কবজি কেটে দেয় এবং কনিষ্ঠা আঙুল বিচ্ছিন্ন করে ফেলে। ওই সময় হামলাকারীরা তার সাথে থাকা ৫ লক্ষ টাকা, একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তার চিৎকার শুনে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। এ সময়, অভিযুক্ত রকি, সোহাগ, রাহাত, ফাহাদ মাদক ব্যবসার সাথে জড়িত বলেও অভিযোগ করেন হামলার শিকার রিদনের মামা আব্দুল কাদের।

অভিযোগের বিষয়ে জানতে রকি, সোহাগ ও রাহাতের  মুঠোফোনে কল দেওয়া হলেও সংযোগ পাওয়া যায় নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করে। এ সময়, ভুক্তভোগী পরিবার মামলা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০:১৪:১৪   ১৯১ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা
মিরপুরে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২
কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী গ্রেপ্তার
সাতক্ষীরায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যার ঘটনায় ৩ ভাড়াটিয়া খুনি গ্রেফতার
গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৩
অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র
নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব!
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১

Law News24.com News Archive

আর্কাইভ