শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এই কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।
মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান নিরাপত্তাজনিত কারণে ভার্চুয়ালি হাজিরা দিচ্ছেন। গত ২২ নভেম্বর তার পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এরপর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাক্ষীকে জেরা করেন। গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
প্রসিকিউশনের আনা তিনটি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে রয়েছে:
- ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইলে জিয়াউল আহসানের উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা।
- ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটায় ৫০ জনকে হত্যা।
- একই সময়ে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে সুন্দরবনের বিভিন্ন এলাকায় আরও ৫০ জনকে হত্যা।
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তার করা হয় এবং গত বছরের ২৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ৮:৪৯:২১ ৭ বার পঠিত #আদালত #আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল #জিয়াউল আহসান #মানবতাবিরোধী অপরাধ #মামলা