বাসায় ফিরে সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তামিম

প্রথম পাতা » খেলা » বাসায় ফিরে সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তামিম
শনিবার, ২৯ মার্চ ২০২৫



বাসায় ফিরে সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তামিম

এবার হাসপাতাল থেকে বাসায় ফিরে বিকেএসপি, কেপিজে হাসপাতালের চিকিৎসক, নিজ ক্লাব ও ভক্তসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তামিম ইকবাল। শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তামিম এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তামিম ইকবালের ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো,

‘আপনাদের সবার দোয়ায় ও সর্বশক্তিমান আল্লাহর রহমতে এখন আমি বাসায়।

উথালপাথাল এই চারটি দিনে নতুন জীবন যেমন পেয়েছি, তেমনি আমার চারপাশকে আবিষ্কার করেছি নতুন করে। সেই উপলব্ধির সবটুকুতে মিশে আছে কেবল ভালোলাগা ও কৃতজ্ঞতা। আপনাদের সবার ভালোবাসার ছোঁয়া ক্যারিয়ারজুড়ে নানা সময়ই পেয়েছি। তবে এবার তা অনভুব করতে পেরেছি আরও তীব্রভাবে। আমি সত্যিই আপ্লুত।

বিকেএসপিতে আমার অসুস্থতার শুরু থেকেই অনেককে পাশে পেয়েছি তাৎক্ষণিকভাবে। ম্যাচ রেফারি দেবু দা (দেবব্রত পাল), বিকেএসপির চিকিৎসকরা এবং আরও যারা তখন ছিলেন সেখানে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার যে ভাই আমাকে দ্রুতগতিতে নিয়ে গেছেন হাসপাতালে, সবার প্রতি কৃতজ্ঞতা।

আমাদের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাব কীভাবে, আমার আসলে জানা নেই। আমি পরে জেনেছি, বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন যে, ডালিম ভাই ওই সময় সঠিকভাবে সিপিআর না দিলে হয়তো আমাকে বাঁচানো যেত না। উপযুক্ত মানুষকে উপযুক্ত সময়ে আমার পাশে রেখে আল্লাহ আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়েছেন।

মোহামেডানের সাপোর্ট স্টাফ ওয়াসিমের কথা না বললেও নয়। শুরু থেকে এখনও সার্বক্ষণিক সঙ্গী হয়েই আছে আমার।

কেপিজে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মারুফ ও তার দক্ষ চিকিৎসক দল তাদের পেশাদারিত্ব আর আন্তরিকতার মিশেলে যেভাবে দ্রুততায় চিকিৎসা করেছেন, আমাদের দেশের চিকিৎসকদের মান ও কার্যকারিতাই ফুটে উঠেছে তাতে। আমি পরে শুনেছি যে, দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞরা বলেছেন, ডা. মারুফ ও তার দল মিরাকল ঘটিয়েছেন।

গোটা চিকিৎসা প্রক্রিয়ায় কেপিজে হাসপাতালের চিকিৎসক, সেবিকা থেকে শুরু করে যারা যে কোনোভাবে যতটুকু সম্পৃক্ত ছিলেন, সবাইকে হৃদয়ে লালন করব আজীবন। এই হাসপাতালে যতটুকু সময় ছিলাম, তাদের হৃদ্যতার পরশ অনুভব করে যাব সবসময়।

ঢাকা শহরের বাইরে ওই এলাকায় এতটা উঁচু মানের হাসপাতাল আছে, এতটা কুশলী চিকিৎসক দল ও স্টাফরা আছেন, দেশের চিকিৎসা ব্যবস্থার এগিয়ে চলার একটি প্রমাণ এটি। দেশজুড়ে নানা জায়গায় এর কাছাকাছি মানের হাসপাতাল যদি আরও কিছু থাকে, আমার মতো আরও অনেক মানুষের প্রাণ রক্ষা পেতে পারে।

ধন্যবাদের তালিকা আসলে শেষ হওয়ার নয়। আরও অনেকেই নানাভাবে সম্পৃক্ত ছিলেন, অনেকের কথা জানি, অনেকের কথা হয়তো জানি না। এতটুকু জানি, ধন্যবাদ পাওয়ার আশায় তারা কিছু করেননি। আমি তাদের ভালোবাসার ঋণে আবদ্ধ সারা জীবনের জন্য।

পুরোপুরি সেরে ওঠার পথ এখনও দীর্ঘ। আমাকে ও আমার পরিবারকে প্রার্থনায় রাখবেন। সবার জীবন সুন্দর ও শান্তিময় হোক।

ভালোবাসা সবার জন্য।’

বাংলাদেশ সময়: ৮:৩০:১৬   ৫৩৯ বার পঠিত  




খেলা’র আরও খবর


ফুটবল খেলতে গিয়ে প্রাণ হারাল অষ্টম শ্রেণির ছাত্র জোবায়েদ
ফিফা র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে পঞ্চম স্থানে মরক্কো
মাতুয়াইলে দেড় একরের নতুন খেলার মাঠ নির্মাণের ঘোষণা
সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান, বাংলাদেশের স্বপ্নভঙ্গ
মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার হার
এবিজি ক্রিকেট স্টেডিয়ামের ভূয়সী প্রশংসা করলেন হাবিবুল বাশার
আর্জেন্টিনার মাটিতে প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে ইন্টার মায়ামি ও রিভার প্লেট
ঢেউয়ের ওপর দাঁড়িয়ে মনে হয়েছিল আকাশে উড়ছি: সার্ফার ফাতেমা আক্তার
ইন্টার মায়ামিতেই থাকছেন মেসি

Law News24.com News Archive

আর্কাইভ