চট্টগ্রাম নগরের হালিশহর হাউজিং এস্টেট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মো. জোবায়েদ হোসেন ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছে। গত বুধবার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার আগের দিন ক্লাস শেষে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বল হেড করতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে।
হেড করার পর মাথায় হাত দিয়ে বসে পড়ে জোবায়েদ। সহপাঠীরা দ্রুত ছুটে আসে তার কাছে। খারাপ লাগছে কি না জানতে চাইলে জোবায়েদ জানায়, তেমন কিছু না। তবে ৪-৫ মিনিট পর আবার মাঠে পড়ে যায় জোবায়েদ। মুখ দিয়ে ফেনা বের হয় তার। এরপর তার বন্ধুরা শিক্ষকদের বিষয়টি জানায়।
বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে দ্রুত স্থানীয় আল মানহিল ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে আগ্রাবাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এবং পরে নগরের জিইসি মোড়ের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। জোবায়েদের শ্রেণিশিক্ষক মোহাম্মদ নূর জানান, জোবায়েদ অত্যন্ত প্রাণবন্ত ও চটপটে ছিল। তার অকাল মৃত্যুতে শিক্ষক ও সহপাঠীরা শোকাহত। জোবায়েদের বাবা সিএনজিচালিত অটোরিকশার চালক এবং তাদের গ্রামের বাড়ি ভোলা জেলায়। শুক্রবার ভোরে মৃত্যুর পর তার মরদেহ দাফনের জন্য ভোলায় নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:০৪:৫৪ ৩৪ বার পঠিত #চট্টগ্রাম #ফুটবল #মৃত্যু #শিক্ষার্থী #হালিশহর