বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। একই সঙ্গে, এ ঘটনায় তাহসিফের বান্ধবী দিশাকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস দীপকে ৪ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, তাহসিফ সাউরির মৃত্যুতে দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক কিছু প্রমাণ পাওয়া গেছে এবং রিমান্ডে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফ দীপের সঙ্গে ছিলেন। দীপ তাকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গেলেও সেখান থেকে একাই ফিরে আসেন।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিনের সই করা ফরোয়ার্ডিং আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে সন্দেহভাজন আসামি দীপের সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় নিজের মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হওয়ার পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে দীপ দাবি করেছিলেন, তাহসিফের সঙ্গে রাতের খাবার খাওয়ার পর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তাদের বিচ্ছেদ হয়। তবে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়। তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, মাদক বিক্রির স্থান হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার বিষয়টি দীপ স্বীকার করেছেন। শুক্রবার রাতে তাহসিফের বাবা হত্যা মামলা দায়ের করলে দীপকে গ্রেফতার দেখানো হয়।
বাংলাদেশ সময়: ১৭:৪১:৪৫ ১৮ বার পঠিত #অপরাধ #আহমেদ শাহরিয়ার রেজা দীপ #তাহসিফ হত্যা #তুরাগ নদ #নৌপুলিশ #রিমান্ড