রংপুরের পীরগঞ্জ উপজেলার চককরিম কাশিমপুর গ্রামে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের তিন ভাইয়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সংসদ সদস্য নুরুল আমিন নিশ্চিত করেছেন যে, কয়েক মাস আগে গাজীপুরে এক তরুণের দেওয়া বক্তব্যের একটি পুরোনো ভিডিও ফেসবুকে নতুন করে ছড়িয়ে দেওয়ার জের ধরে এই হামলার সূত্রপাত হয়।
আমার ছেলে অপরাধ করলে তার শাস্তি হোক, আমিও চাই। কিন্তু বাড়িতে হামলা করে ভাঙচুর করল কেন?
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, সোমবার সকালে ও দুপুরে কয়েক ব্যক্তি ওই তরুণের খোঁজ করেন এবং সন্ধ্যায় বাড়িতে হামলা চালিয়ে টেলিভিশন, ফ্রিজ ও আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় নগদ ১০ হাজার টাকা ও তিনটি ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ৪৮টি হিন্দু পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, ভিডিও ছড়ানোর অভিযোগে দুজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে একটি এবং হামলা ও ভাঙচুরের ঘটনায় আটজনের নাম উল্লেখ করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ধর্ম অবমাননার মামলায় অভিযুক্ত তরুণকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫:২২:২০ ৯ বার পঠিত #ধর্ম অবমাননা #পীরগঞ্জ #পুলিশ #মামলা #রংপুর #লুটপাট #হামলা