নেত্রকোণার মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার আলোচিত মামলায় প্রধান আসামি মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর নিজের সব সম্পদের বিনিময়ে মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। বুধবার নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালামের আদালতে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। শুনানির একপর্যায়ে বিচারক আসামির সম্পদের বিষয়ে জানতে চাইলে সাগর জানান, তাঁর মাত্র ১২ শতাংশ জমি রয়েছে এবং তিনি সব সম্পদের বিনিময়ে মামলা থেকে অব্যাহতি চান। তবে আসামিপক্ষের আইনজীবী আপসের মাধ্যমে মামলাটি নিষ্পত্তির আগ্রহ প্রকাশ করলে বিচারক তা নাকচ করে দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর নূরুল কবীর রুবেল জানান, ভুক্তভোগী শিশুটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল এবং জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে আসামির ডিএনএর সঙ্গে ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া গেছে। রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে। আগামী ১১ নভেম্বর মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।
বাংলাদেশ সময়: ১০:৫১:৪২ ১১ বার পঠিত #আদালত #ডিএনএ পরীক্ষা #ধর্ষণ মামলা #নেত্রকোণা #মাদরাসা শিক্ষক