পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া হাটের কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ১০ থেকে ১২ জনের একটি দল মুখ ঢেকে হাটের কার্যালয়ে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। যাওয়ার সময় তারা ‘আজ পুষ্পপাড়া স্বাধীন’ বলে স্লোগান দেয়।
- নিহতরা হলেন নিষিদ্ধ ঘোষিত শ্রমিক লীগের পাবনা সদর উপজেলার আহ্বায়ক আবদুস সালাম (৫৬) এবং তাঁর ভাগনে আতাইকুলা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন (৫০)।
- নিহত আবদুস সালাম প্রায় ৩০ বছর ধরে পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার ছিলেন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের ধারণা, হাটের দখল নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার জানান, হাটের ইজারা ও পূর্বশত্রুতার বিষয়টি সামনে রেখে তদন্ত চলছে। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানিয়েছেন, নিহত আবদুস সালামের ভাই আবুল কালাম অতীতে চরমপন্থী নেতা ছিলেন, তাই চরমপন্থীদের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:২১:৩২ ১২ বার পঠিত #অপরাধ #আতাইকুলা #পাবনা #পুষ্পপাড়া হাট #হত্যাকাণ্ড