বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর রহস্য উদঘাটনে তার জুনিয়র বন্ধু শাহরিয়ার দীপকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ। তার দেওয়া তথ্য এখন যাচাই-বাছাই করছেন তদন্ত কর্মকর্তারা। শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআই সদর দপ্তর থেকে এই জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করা হয়।
পিবিআই জানায়, বৃহস্পতিবার রাতে শাহরিয়ার দীপকে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে নেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসা থেকে দীপকে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তদন্তসংশ্লিষ্টদের নজরে আসা সিসিটিভি ফুটেজে গত ২৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের গ্যারেজের সামনে তাহসিফকে দীপের সঙ্গে কথা বলতে ও হাত মেলাতে দেখা যায়। পরিবারের দাবি, দীপের ডাকেই সেদিন বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে দীপ তাদের জানিয়েছিলেন, তাহসিফের মোটরসাইকেলে সমস্যা হওয়ায় তারা একটি ওয়ার্কশপে গিয়েছিলেন। মোটরসাইকেল মেরামতের পর বাসায় ফিরে খাবার খান। এরপর দুজন সেখান থেকে চলে যান বলে জানান দীপ।
গত ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদে তাহসিফের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে টঙ্গী নদী পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন। হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে মরদেহটি তাহসিফ সাউরির বলে শনাক্ত করা হয়। ২৯ অক্টোবর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাকে দাফন করা হয়।
তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের দাবি, তার ছেলেকে হত্যা করা হয়ে থাকতে পারে। তিনি জানান, ২৭ অক্টোবর সন্ধ্যার পর দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর তাহসিফ আর ফিরে আসেননি। রাত ১টা ৩৫ মিনিটে ছেলের ফোন থেকে ‘আম্মু আমি আসছি’ লেখা একটি বার্তা পেয়েছিলেন তারা। তার দাবি, রাজাবাড়ী ঘাট এলাকায় এর আগে কখনো যাননি তাহসিফ।
তাহসিফের চাকরিচ্যুতির বিষয়ে তার বাবা জানান, শৃঙ্খলাজনিত কারণে তাকে বরখাস্ত করা হয়েছিল বলে বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। পরবর্তী সময়ে তাহসিফ বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বর্তমানে তাহসিফের মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হতে পিবিআইয়ের তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২:৫০:৪৭ ১০ বার পঠিত #জিজ্ঞাসাবাদ #তদন্ত #তাহসিফ সাউরি #পিবিআই #বিমানবাহিনী #মৃত্যুর রহস্য