বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে ভারতের ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এর মধ্যেই দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই নতুন লঘুচাপের প্রভাবে আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় ও উঁচু গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দিয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৩১:৩৮ ১৪ বার পঠিত #আবহাওয়া #ঘূর্ণিঝড় #বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর #বৃষ্টি #লঘুচাপ