গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে মো. রানা (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৩ অক্টোবর) ভোরে টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রানা টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর ২ নম্বর ব্লক এলাকার বাসিন্দা এবং বাচ্চু মিয়া ও রেহেনা বেগমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে গাজীপুরা পশ্চিমপাড়ার মো. হানিফের বাড়িতে গেলে রানাকে চোর সন্দেহে আটক করা হয়। এরপর ওই বাড়ির ম্যানেজারসহ চার-পাঁচজন ভাড়াটিয়া তাকে মারধর করেন।
স্থানীয়দের অভিযোগ, মারধরের একপর্যায়ে রানার মৃত্যু হয়। পরে ঘটনাটি ধামাচাপা দিতে সকাল সাড়ে ১১টার দিকে তার মরদেহ পাশের একটি মাঠে ফেলে অভিযুক্তরা পালিয়ে যান। স্থানীয়রা মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ময়নাতদন্তের পর তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩:২৮:১৮ ৭ বার পঠিত #অপরাধ #গাজীপুর #টঙ্গী #পুলিশ #হত্যা