
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল্লাহ রবি সরকার এবং বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল বারেকের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদপ্রার্থী হতে ইচ্ছুক হওয়ায় এই বিরোধ আরও তীব্র হয়। সোমবার রাতে রবি সরকারের বাড়ির সামনে আব্দুল বারেকের অনুসারীরা বাজি ফোটালে উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। আহতদের মধ্যে ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত জামাল ও সালমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২২:২৪:১১ ৫ বার পঠিত #আহত #কুমিল্লা #বিএনপি #মেঘনা #রাজনীতি #সংঘর্ষ