চলতি বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষায় বোর্ডের আওতাধীন ১০ জেলার ৩৯ হাজার ২২৭ জন শিক্ষার্থী অংশ নেবেন। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রতি ৩০০ থেকে ৫০০ শিক্ষার্থীর জন্য একটি করে কেন্দ্র নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। খুলনা বিভাগের ১০ জেলার প্রতিটি উপজেলায় পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হবে।
যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বোর্ডের অধীনে ১ লাখ ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৫০ হাজার ৬৬৮ জন উত্তীর্ণ হন এবং ৬২ হাজার ১২৪ জন অকৃতকার্য হন। অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে এক বা দুই বিষয়ে ফেল করা ৩৯ হাজার ২২৭ জন পুনঃপরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছেন।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী জানান, আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশাসনিক ও দাপ্তরিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এদিকে, বোর্ডটিতে এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আগামী ২৩ নভেম্বর এর ফল প্রকাশ করা হবে। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি বিষয়ে (৩১ হাজার ১৬৮টি)।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
বাংলাদেশ সময়: ২১:৫৬:২৩ ২৫ বার পঠিত #এইচএসসি #পরীক্ষা #যশোর শিক্ষা বোর্ড #শিক্ষা #সাপ্লিমেন্টারি পরীক্ষা