জেরায় আমান আযমী সামরিক শাসনামলে হাসিনাকে আমার অধীনে বন্দি রাখার কারণ জানতাম না

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » জেরায় আমান আযমী সামরিক শাসনামলে হাসিনাকে আমার অধীনে বন্দি রাখার কারণ জানতাম না
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



সামরিক শাসনামলে হাসিনাকে আমার অধীনে বন্দি রাখার কারণ জানতাম না

সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আযমী জেরায় বলেছেন, এরশাদের সামরিক শাসনামলে শেখ হাসিনা, মতিয়া চৌধুরী ও সাহারা খাতুনকে কী কারণে বন্দি করে আমার তত্ত্বাবধানে রাখা হয়েছিল, এর কারণ আমি জানতাম না।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আসামিপক্ষের আইনজীবীর জেরায় আবদুল্লাহিল আমান আযমী এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

এদিন, আসামিপক্ষের আইনজীবী আমিনুল গণীর জেরায়  আবদুল্লাহিল আমান আযমী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কাউকে আটক করিনি। কী কারণে উপরোক্ত তিনজনকে বন্দি করে আমার তত্ত্বাবধানে রাখা হয়েছিল তা আমি জানতাম না। তাদের আটকের কারণ জানার চেষ্টা করিনি কারণ আমি তখন সদ্য কমিশনপ্রাপ্ত জুনিয়র অফিসার ছিলাম। তখন সামরিক শাসন চালু ছিল। এ ধরণের প্রশ্ন করার আমার কোনো সুযোগ ছিল না।’

আইনজীবী আমিনুল গণী প্রশ্ন করেন, জেনারেল এরশাদের মার্শাল ল-এর সময় আপনি অনেক লোককে বেআইনিভাবে আটক করে, বন্দি করে রেখেছিলেন। এর জবাবে আবদুল্লাহিল আমান আযমী বলেন, এ কথা সত্য নয়। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপারেশন রেবেল হান্টের’ সময় তিনি সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।

এর আগে গতকাল সোমবার আসামিপক্ষের আইনজীবীর জেরায় আবদুল্লাহিল আমান আযমী বলেছিলেন, ১৯৮৩ সালে এরশাদের সামরিক শাসনামলে হেয়ার রোডের একটি বাড়িতে তিনি (আযমী) তার কোম্পানিসহ থাকতেন এবং মার্শাল ল-এর দায়িত্ব পালন করতেন। তখন শেখ হাসিনা, মতিয়া চৌধুরী ও সাহারা খাতুনকে বন্দি করে ওই বাড়িতে কয়েকদিন তার অধীনে রাখা হয়েছিল।

জেআইসিতে গুম করে রাখার এই মামলায় ১৩ আসামির মধ্যে সাব-জেলে আছেন তিনজন। তারা হলেন ডিজিএফআইয়ের সাবেক তিন পরিচালক—মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার বাকি ১০ আসামি পলাতক। তাদের মধ্যে আছেন ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল (অব.) হামিদুল হক।

পলাতক আসামিদের মধ্যে আরও আছেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক।

পলাতক আসামিদের মধ্যে আরও আছেন জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৩২   ৩ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


জেরায় আমান আযমী সামরিক শাসনামলে হাসিনাকে আমার অধীনে বন্দি রাখার কারণ জানতাম না
আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত
ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর মোদিবিরোধী পোস্টের কারণে আমাকে গুম করা হয়েছিল
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
ট্রাইব্যুনালে জিয়াউল আহসান ‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’
শিবিরের দুই নেতাকে গুলি, অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৭ জুন
শহীদ তাইমের বাবাকে এসআই শাহাদাত এটা ওপরের অর্ডার, আমি গুলির কথা লিখতে পারব না
জামায়াত-শিবিরের বিরুদ্ধাচরণের কারণে ইনুকে আসামি করা হয়েছে, দাবি আইনজীবীর

Law News24.com News Archive

আর্কাইভ