শেখ হাসিনা, কামালসহ হাদি হত্যার আসামিদের ফেরত চাইল বাংলাদেশ

প্রথম পাতা » জাতীয় » শেখ হাসিনা, কামালসহ হাদি হত্যার আসামিদের ফেরত চাইল বাংলাদেশ
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



শেখ হাসিনা, কামালসহ হাদি হত্যার আসামিদের ফেরত চাইল বাংলাদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সেই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদেরও প্রত্যর্পণের অনুরোধ করেছে ঢাকা।

বুধবার (৮ এপ্রিল) দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এদিন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে পৃথক আলোচনা করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

আলোচনায় উভয় পক্ষ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

খলিলুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত সরকার, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা, সম্মান ও পারস্পরিক লাভের ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।’

তিনি শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান এবং বলেন, ‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠাতে উভয় পক্ষ একমত হয়েছে।’

ভারতীয় পক্ষ জানায়, চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশ্যে বাংলাদেশিদের জন্য ভিসা সেবা আগামী সপ্তাহগুলোতে সহজ করা হবে।

তিনি ভারতের সাম্প্রতিক ডিজেল সরবরাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশে ডিজেল ও সার রপ্তানির পরিমাণ বাড়ানোর অনুরোধ জানান।

মন্ত্রী হরদীপ সিং পুরি বলেন, ‘ভারত সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।’

উভয় পক্ষ গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা অব্যাহত রাখার মাধ্যমে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়।

বাংলাদেশ সময়: ৫:৫৪:৪৫   ১৪৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ