ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযানের ছক কষছে যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযানের ছক কষছে যুক্তরাষ্ট্র
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫



ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযানের ছক কষছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলাকে ঘিরে নতুন করে অভিযান শুরু করতে চলেছে যুক্তরাষ্ট্র। চার মার্কিন কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে এই পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। অভিযানের সময়সূচি বা পরিধি এখনও স্পষ্ট নয়। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। গত কয়েক সপ্তাহে ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ার পর সম্ভাব্য পদক্ষেপ নিয়ে জল্পনা বৃদ্ধি পেয়েছে।

মার্কিন দুই কর্মকর্তা জানান, প্রথম ধাপে গোপন অভিযান শুরু হওয়ার সম্ভাবনাই বেশি। সংবেদনশীলতার কারণে চারজন কর্মকর্তাই নাম প্রকাশ না করার অনুরোধ জানান। পেন্টাগন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে হোয়াইট হাউসের সঙ্গে কথা বলতে বলে। সিআইএও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা শনিবার বলেন, যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ ঠেকাতে এবং জড়িতদের বিচারের মুখোমুখি করতে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার সব ধরনের শক্তি ব্যবহারের জন্য প্রস্তুত।

ওয়াশিংটনের দাবি, মাদুরো অবৈধ মাদক সরবরাহে ভূমিকা রাখছেন। মূলত এসব অভিযোগ মোকাবিলায় নতুন করে বিকল্প বিবেচনা করা হচ্ছে। যদিও মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন। দুই মার্কিন কর্মকর্তা আরও জানান, মাদুরোকে ক্ষমতাচ্যুত করার বিষয়েও বিকল্প বিবেচনা করা হচ্ছে।

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো বরাবরই বলে আসছেন, ওয়াশিংটন তাকে সরাতে চায় এবং ভেনেজুয়েলার জনগণ ও সেনাবাহিনী যেকোনো আগ্রাসন প্রতিহত করবে। এদিকে ৬৩তম জন্মদিনের আগের রাতে তিনি কারাকাসের প্রধান থিয়েটারে নিজের জীবনভিত্তিক টেলিভিশন সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্যারিবীয় এলাকায় কয়েক মাস ধরে সামরিক প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালাতে অনুমতি দিয়েছেন বলে জানা গেছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ভেনেজুয়েলার আকাশপথে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করে। এর পরদিন তিনটি আন্তর্জাতিক বিমানসংস্থা ভেনেজুয়েলা থেকে ফ্লাইট বাতিল করে।

সোমবার যুক্তরাষ্ট্র কার্টেল দে লস সোলেস-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ওয়াশিংটনের অভিযোগ, মাদুরোই এই কার্টেলটির নেতৃত্ব দিচ্ছেন। যা তিনি অস্বীকার করেছেন। ট্রাম্প জানিয়েছেন, তালিকাভুক্তির পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মাদুরোর সম্পদ ও অবকাঠামোয় হামলা চালাতে পারবে। তবে তিনি কূটনৈতিক সমাধানের সম্ভাবনার কথাও বলেন। দুই মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন যে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে যোগাযোগ চলছে। যদিও এসব আলোচনা অভিযানের সময় বা পরিধিতে কোনো প্রভাব ফেলবে কিনা তা স্পষ্ট নয়।

বাংলাদেশ সময়: ২১:৪৩:২১   ১৩৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ