নৌ-পরিবহনের সাবেক চিফ ইঞ্জিনিয়ার নাজমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

প্রথম পাতা » জাতীয় » নৌ-পরিবহনের সাবেক চিফ ইঞ্জিনিয়ার নাজমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫



নৌ-পরিবহনের সাবেক চিফ ইঞ্জিনিয়ার নাজমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রায় ৬ কোটি টাকার সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় নৌ-পরিবহন অধিদপ্তরের সাবেক চিফ ইঞ্জিনিয়ার ড. এস এম নাজমুল হক ও তার স্ত্রী সাহেলা নাজমুলের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি তাদের বিরুদ্ধে এ চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম।

অভিযোগপত্রে বলা হয়, সাহেলা নাজমুলের বিরুদ্ধে ২ কোটি ৬৬ লাখ ২১ হাজার ২৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ২৫ লাখ ৯০ হাজার ১১৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে সাহেলার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় এবং ২৭ (১) ধারায় চার্জশিট দেওয়া হয়েছে।

এছাড়া স্বামী ড. এস এম নাজমুল হক চাকুরিকালীন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অপরাধলব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করার মানসে স্ত্রী সাহেলার নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাব/ব্যবসা প্রতিষ্ঠান/যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ দেখিয়ে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর পূর্বক মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ কারণে চার্জশিটে তাকেও আসামি করা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, ৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালে এ দম্পতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। প্রাথমিকভাবে অনিয়মের প্রমাণ পাওয়ায় ২০২৩ সালের ৩০ জুলাই তাদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার এজাহারে বলা হয়, নাজমুল হকের স্ত্রী সাহেলা নাজমুল ২০১৯ সালের ১৭ এপ্রিল সম্পদ বিবরণীতে ১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকার স্থাবর সম্পদ এবং ৮০ লাখ ২২ হাজার ২৫৩ টাকার অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা দেন। তবে সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানে কয়েকগুণ দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। যে কারণে মামলায় স্ত্রীকে প্রধান আসামি এবং স্বামী নাজমুলকে সহযোগী আসামি করা হয়েছে।

দুদক সূত্র আরও জানায়, অবৈধ সম্পদ অর্জন ও পাচার ছাড়াও প্রকাশ্যে ঘুষ গ্রহনের দায়ে কারাভোগ করেছিলেন এ দম্পতি। দুদকের একটি মামলায় আগাম জামিন চাইলে ২০২৪ সালের ২৭ আগস্ট ঢাকার একটি আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া একই বছর তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৫০   ১৮৮ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা
কেবিন ক্রুদের ওভারসিজ অ্যালাওয়েন্সে হুন্ডির অভিযোগ, তদন্তে বিমান কর্তৃপক্ষ
আওয়ামী লীগের শাসনামলের গুম-খুন ট্রাইব্যুনালে তিন মামলার রায় চলতি বছরেই হতে পারে
রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন
পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি যে অবসরভাতা ও সরকারি সুবিধা পাবেন

Law News24.com News Archive

আর্কাইভ