ঢাকা বারের ১১ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ঢাকা বারের ১১ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা
সোমবার, ৩০ জুন ২০২৫



ঢাকা বারের ১১ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

ঢাকা আইনজীবী সমিতির অ্যানেক্স ভবন ৩ ও ৪ নির্মাণ ব্যায়ের অর্থ আত্মসাতের অভিযোগে সংগঠনটির বিগত ৩ কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা হয়েছে।

এসব ভবন নির্মাণে প্রায় ১১ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে ঢাকা আইনজীবী সমিতির পক্ষে মামলার আবেদন করা হয়। আদালত সমিতির পক্ষ থেকে নিয়োজিত প্রতিনিধিদের জবানবন্দি রেকর্ড করে অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি জারি করেন।

সন্ধ্যায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. খোরশেদ মিয়া আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট ঢাকা আইনজীবী সমিতির এসব নেতাদের দুর্নীতি আমরা অডিট করে প্রমাণ পেয়েছি। তার পরিপ্রেক্ষিতে ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের আত্মসাৎ করা টাকা উদ্ধারের জন্য বর্তমান কমিটি আইনি লড়াইয়ে নেমেছে। আমরা আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আমরা ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের অধিকার আদায়ে বদ্ধ পরিকর।

এ সময় ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. শহীদুজ্জামান, সিনিয়র সহ সাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল, সহ সাধারণ সম্পাদক সৈয়দ ময়নুল ইসলাম অপু, অফিস সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, তথ্য ও যোগাযোগ সম্পাদক মাজহারুল ইসলাম মারুফসহ নেতারা উপস্থিত ছিলেন।

তিন মামলায় আসামিরা হলেন- ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২৩ মেয়াদের সভাপতি মো. মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু ও ট্রেজারার নুর হোসেন। ২০২৩-২৪ মেয়াদের সভাপতি মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জোবায়ের, সহ-সভাপতি শ্রী প্রাণনাথ ও ট্রেজারার বিবি ফাতেমা মুন্নি। ২০২৪-২৫ মেয়াদের সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আনোয়ার শাহদাত শাওন, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মো. আক্তার হোসেন ও ট্রেজারার ওমর ফারুক।

ঢাকা আইনজীবী সমিতির পক্ষে বর্তমান কমিটির সিনিয়র সহ সাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল, ট্রেজারার আব্দুর রশীদ মোল্লা ও সহ সাধারণ সম্পাদক সৈয়দ মইনুল হোসেন অপু মামলা তিনটি দায়ের করেন।

মামলায় ঢাকা আইনজীবী সমিতির অ্যানেক্স ভবন-৩ (তৎকালীন বঙ্গবন্ধু ভবন-১) ও অ্যানেক্স ভবন-৪ (তৎকালীন বঙ্গবন্ধু ভবন-২) নির্মাণ ব্যয় থেকে ২০২২-২৩ মেয়াদের সভাপতি মো. মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু ও ট্রেজারার নুর হোসেনের বিরুদ্ধে ২ কোটি ৪৬ লাখ ৩৫ হাজার ৪০১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

আরেক মামলায় এসব ভবনের নির্মাণ ব্যয় থেকে ঢাকা বারের ২০২৩-২৪ মেয়াদের সভাপতি মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জোবায়ের, সহ-সভাপতি শ্রী প্রাণ নাথ ও ট্রেজারার বিবি ফাতেমা মুন্নির বিরুদ্ধে ৮ কোটি ৩০ লাখ ৪১ হাজার ২৯০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

সবশেষ মামলায় সমিতির ২০২৪-২৫ মেয়াদের সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শাওন, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মো. আক্তার হোসেন ও ট্রেজারার ওমর ফারুকের বিরুদ্ধে ১১ লাখ ২০ হাজার ৫১১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

বাংলাদেশ সময়: ২২:২৫:০১   ১৮১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


দেড় কোটি টাকার বৈদেশিক মুদ্রা ডাকাতি: পাঁচ সদস্য রিমান্ডে
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
জুলাইয়ে হত্যা মামলা: তারেক সিদ্দিকীর দুই সহযোগী চার দিনের রিমান্ডে
‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন আগামী ১১ মে
বেইলি রোড ট্র্যাজেডির ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গুলশানে ২০ লাখ টাকা চাঁদা দাবি: ‘ভুয়া আজিজে’র সহযোগী ২ দিনের রিমান্ডে
চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার, হাসান নাসিম কারাগারে
ডিজিএফআইয়ের সাবেক ডিজি আফজাল নাছের ষষ্ঠ দফায় রিমান্ডে
জেমকনের পরিচালক কাজী আনিসের ১০ ব্যাংক হিসাব ফ্রিজ
ফ্ল্যাট গ্রহণে অনিয়ম: টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৬ মে

Law News24.com News Archive

আর্কাইভ