লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে হবিগঞ্জের মাধবপুর ও লাখাই উপজেলার ছয় তরুণ নিখোঁজ হয়েছেন। গত ৩১ অক্টোবর দালালদের মাধ্যমে বাতাসে ফোলানো রাবারের নৌকায় করে অর্ধশত যাত্রীর সঙ্গে তাঁরা গ্রিসের উদ্দেশে যাত্রা করেছিলেন। মাঝসাগরে নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করলে একপর্যায়ে সেটি ডুবে যায়।
একই নৌকায় থাকা মাসুম মিয়া নামের এক তরুণ দুই দিন সাগরে ভেসে গ্রিসে পৌঁছাতে সক্ষম হয়েছেন। মাসুমের বাবা মারাজ মিয়া জানান, নৌকাডুবির পর তাঁর ছেলে ঢেউয়ের মধ্যে ভেসে থাকার চেষ্টা করে এবং দুই দিন পর অচেতন অবস্থায় সাগরের তীরে উঠে স্থানীয়দের সহায়তায় গ্রিসে পৌঁছায়। নিখোঁজ তরুণদের পরিবারগুলো দালালদের মাধ্যমে গ্রিসে পাঠানোর জন্য ১২ থেকে ১৫ লাখ টাকা করে দিয়েছিল। ঘটনার পর থেকে দালালদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারগুলো চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, নিখোঁজদের সন্ধানে ভুক্তভোগী পরিবারগুলোকে যথাযথ প্রক্রিয়ায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আনুষ্ঠানিক আবেদন পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে খোঁজ নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ১০:৪০:৫৯ ২৮ বার পঠিত #গ্রিস #নিখোঁজ #নৌকাডুবি #ভূমধ্যসাগর #মানবপাচার #হবিগঞ্জ