কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকলেও নেপথ্যের অর্থদাতাদের নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যানুযায়ী, বিদেশে পলাতক ও দেশে আত্মগোপনে থাকা অন্তত অর্ধশত শীর্ষ নেতা এবং চাকরিচ্যুত সরকারি কর্মকর্তা নাশকতায় অর্থায়ন করছেন। তারা তিন লেয়ারের কাটআউট সিস্টেমের নেটওয়ার্ক ব্যবহার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মাঠপর্যায়ের নাশকতাকারীদের টাকা প্রদান করছেন।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গত ৭ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৫১টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ৪৫টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ২১টি মামলা রুজু হয়েছে এবং ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা সংস্থার তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর কবির নানক, ইসমাইল চৌধুরী সম্রাট, শামীম ওসমান, মহিবুল হাসান চৌধুরী নওফেল, শৈবাল দাস সুমন, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, এস এম মান্নান কচি ও ইলিয়াস উদ্দিন মোল্লার নাম রয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, অর্থদাতা ও ইন্ধনদাতাদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এদিকে, বিজয় দিবস-২০২৬ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক সভায় সাভার জাতীয় স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৩৯:৩৮ ৯ বার পঠিত #অর্থদাতা #আইনশৃঙ্খলা #আওয়ামী লীগ #গোয়েন্দা নজরদারি #গ্রেপ্তার #নাশকতা #বিজয় দিবস