রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ রায় ঘোষণা করবেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করবেন। চলতি বছরের ১৯ মে পল্লবীতে স্কুলছাত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান মামলার ১ নম্বর আসামি সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয় এবং পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। ২১ মে সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে ২৫ মে পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ১ জুন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় এবং ৩ জুন আসামিদের বক্তব্য গ্রহণ করা হয়। ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলাটির রায় ঘোষণা করেছিলেন।
বাংলাদেশ সময়: ৯:৩৮:৩৬ ৯ বার পঠিত #আদালত #ধর্ষণ মামলা #পল্লবী #মৃত্যুদণ্ড #রামিসা হত্যা #হাইকোর্ট