জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে হামলার ঘটনায় বিরোধীদলীয় সংসদীয় দল পরিদর্শনে যাচ্ছে। এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত জানান, আজ শুক্রবার বেলা তিনটায় তারা সেখানে সংবাদ সম্মেলন করবেন। পরিদর্শক দলে রয়েছেন সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, মাহমুদা মিতু, মাসুদ পারভেজ রাসেল এবং আবদুল গফুর। গত বুধবার রাত সোয়া ১২টার দিকে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় নুসরাত নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মীর আহসানুল ইসলাম ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার, দৌলতপুর উপজেলা শাখার সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্তরা নুসরাত ও তাঁর পরিবারকে হত্যার পরিকল্পনা করছিলেন। এরই অংশ হিসেবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে তাঁর মা-বাবাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:২১:৫৭ ২০ বার পঠিত #কুষ্টিয়া #জাতীয় নাগরিক পার্টি #নুসরাত তাবাসসুম #বিরোধীদলীয় সংসদীয় দল #মামলা #হামলা