চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষায় নীতিগত শিথিলতা এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এইচএসসি বা সমমানের পরীক্ষায় এক বা দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাও এবার ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়ে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছরের ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন,
যেসকল শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় ১ বা ২টি বিষয়ে অকৃতকার্য হয়েছে, তারা হতাশ না হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করার সুযোগ পাবে। শিক্ষার্থীদের সুবিধার্থেই আবেদনের সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে, যাতে তারা পর্যাপ্ত সময় পায় এবং কোনো জটিলতায় পড়তে না হয়।
চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে অন্যান্য শর্ত ও মানদণ্ড সম্পর্কে বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৪:৩৭:৫১ ৮ বার পঠিত #এইচএসসি #চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #চবি #বিশ্ববিদ্যালয় ভর্তি #ভর্তি পরীক্ষা #শিক্ষা