জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছে এক নারী গত দুই দিন ধরে শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আটটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই নারীকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করে। এ সময় জামালপুর ৩৫ বিজিবির সদস্য ও স্থানীয়দের বাধার মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে ওই নারী শূন্যরেখায় আটকা পড়ে আছেন। তীব্র রোদ ও প্রতিকূল পরিস্থিতিতে ওই নারীর শারীরিক অবস্থা নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, বিএসএফ পুশ ইনের বিষয়টি অস্বীকার করলেও বিজিবির কাছে এর ভিডিও প্রমাণ রয়েছে। তিনি আরও বলেন,
আমাদের পাশে আমরা সতর্ক অবস্থানে আছি। ওই পাশে বিএসএফও অবস্থান নিয়ে আছে। তবে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তারা পুশ ইনের বিষয়টি অস্বীকার করেছে। কিন্তু আমাদের কাছে ভিডিও আছে, ওই নারীকে তারাই পুশ ইনের চেষ্টা করেছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৩৬:৫৩ ৯ বার পঠিত #জামালপুর #পুশ ইন #বিএসএফ #বিজিবি #মানবিক সংকট #সীমান্ত