ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১-এর কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে নেত্রকোনার পূর্বধলা থানা এলাকার খালার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আদালত থেকে পালানোর পর আসামি তাঁর বোনের বাসায় গিয়েছিলেন। সেখান থেকে তিনি বুধবার সন্ধ্যায় তাঁর নিজ বাসায় যান। রাতে তিনি তাঁর খালার বাসায় যান। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তাঁর অবস্থান শনাক্ত করে পুলিশ। আজ ভোরে পুলিশ তাঁর খালার বাসায় অভিযানে যায়। তখন তিনি ঘুমিয়ে ছিলেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুফল কুমার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার দুপুরে ঢাকার দক্ষিণখান থানার একটি হত্যা মামলার বিচার চলাকালে সাক্ষ্য গ্রহণের দিন কাউসার আদালত থেকে পালিয়ে যান। এ ঘটনায় সেদিনই কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা। ২০২০ সালে দক্ষিণখানে এক কিশোরীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কাউসার গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। ২০২১ সালে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ২০২২ সালে বিচার শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৪:৫০:০০ ১৬ বার পঠিত #আদালত #গ্রেপ্তার #ঢাকা #নেত্রকোনা #পুলিশ #হত্যা মামলা