নারায়ণগঞ্জের রূপগঞ্জে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে এবং পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। ভুক্তভোগী পুলিশ সদস্য আবুল কালাম (৩৫) ছুটিতে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের দাবি, আবুল কালাম এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করতেন এবং সম্প্রতি মাদক কারবারি শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) ধরিয়ে দিতে সহযোগিতা করেছিলেন। এই ক্ষোভ থেকেই তার ওপর হামলা চালানো হয়েছে। আবুল কালামের বাবা আবদুল মালেক জানান, শাহজালাল নামে এক ব্যক্তি ফোন করে তার ছেলেকে ডেকে নিয়ে গেলে সেখানেই এই হামলার ঘটনা ঘটে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাহউদ্দিন জানান, হবিগঞ্জে কর্মরত এপিবিএন সদস্য আবুল কালামের ওপর হামলার বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
বাংলাদেশ সময়: ২৩:০১:৪৪ ১ বার পঠিত #অপরাধ #নারায়ণগঞ্জ #পুলিশ #মাদক #রূপগঞ্জ #হামলা