খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে আঁকা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতিকর্মীরা ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
রবীন্দ্রনাথের পূর্বপুরুষের আদি নিবাস খুলনায়, তাঁর শ্বশুরবাড়িও এ জেলায়। খুলনায় তাঁর প্রতিকৃতিতে কালি দেওয়া খুলনাবাসীর জন্য লজ্জার বিষয়।
সরেজমিনে দেখা যায়, রেলস্টেশনের দেয়ালে জুলাই গণ–অভ্যুত্থান, বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হয়েছে। এর মধ্যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালিতে ঢেকে দেওয়া হয়েছে। প্রতিকৃতির দুই পাশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’ শিরোনামে দুটি পোস্টার লাগানো হয়েছে, যেখানে রবীন্দ্রনাথের ভূমিকা নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়েছে। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে এসব দেয়ালচিত্র আঁকা হয়েছিল। তিনি বলেন, যারা এ কাজ করেছে তারা নিজেদের সংকীর্ণ মনন ও অসুস্থতার পরিচয় দিয়েছে এবং প্রতিকৃতিটি পুনরায় আঁকা হবে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২২:৫২:৪৬ ৯ বার পঠিত #অপরাধ #খুলনা #খুলনা সিটি করপোরেশন #গ্রাফিতি #দেয়ালচিত্র #রবীন্দ্রনাথ ঠাকুর