খুলনায় ১২ দিনে সাত খুন: পাঁচটির পেছনে মাদক বিরোধ

প্রথম পাতা » অপরাধ » খুলনায় ১২ দিনে সাত খুন: পাঁচটির পেছনে মাদক বিরোধ
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬



খুলনা মহানগর ও জেলায় গত ১২ দিনে সাতটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এসব হত্যাকাণ্ডের মধ্যে পাঁচটিই ঘটেছে মাদক কারবার, লেনদেন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। এই সাতটি হত্যাকাণ্ডের মধ্যে চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। একই সময়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও পাঁচজন এবং দুজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

সর্বশেষ সোমবার দুপুরে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সিংহের চর এলাকায় আঠারোবেকী নদীর চরে গুলিবিদ্ধ অবস্থায় মেহেদী হাসান (৩৫) ও রেজাউল করিম (৩০) নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। রূপসা থানার ওসি মাসুম খান জানান, নিহতরা ‘বি কোম্পানি’ নামে পরিচিত অপরাধী চক্রের সদস্য ছিলেন। মাদক কারবারের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে রোববার সন্ধ্যায় নগরের রায়েরমহল এলাকায় নিজ রেস্তোরাঁয় কুপিয়ে হত্যা করা হয় খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবিরকে। এ ঘটনায় তাঁর ছেলে বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। পুলিশের প্রাথমিক তথ্যমতে, একটি রেফ্রিজারেটরের বকেয়া কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে এই হামলা হয়েছে, তবে হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার রাতে লবণচরা এলাকায় শহীদুল ইসলাম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, শহীদুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং মাদক সংক্রান্ত বিরোধের জেরেই তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর মা বাদী হয়ে মামলা করেছেন।

গত ২২ অক্টোবর নগরে তাওহিদুল ইসলাম ও খুশি আক্তার নামের দুজন খুন হন। পুলিশের তদন্ত অনুযায়ী, তাওহিদুল ‘পলাশ গ্রুপের’ সদস্য ছিলেন এবং খুশি আক্তার ‘গ্রেনেড বাবু’ গ্রুপের হয়ে মাদক বিক্রি করতেন। দুটি ঘটনার পেছনেই মাদক ও আধিপত্যের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের।

এছাড়া ২৫ অক্টোবর সোনাডাঙ্গা এলাকায় বকেয়া ভাড়া চাওয়াকে কেন্দ্র করে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামের এক ভাড়াটে নিহত হন। এ ঘটনায় বাড়িওয়ালা ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত নগর এলাকায় ৩৭টি হত্যা মামলায় ৩৯ জন নিহত হয়েছেন। জেলা পুলিশের আওতাধীন এলাকাতেও চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত ৩৭টি হত্যার ঘটনায় ৩৫টি মামলা হয়েছে। হত্যাকাণ্ডের বাইরেও জেলায় অন্তত ৩৫টি হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫১:৪৯   ৮ বার পঠিত   #  #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


খুলনায় ১২ দিনে সাত খুন: পাঁচটির পেছনে মাদক বিরোধ
তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, লাশ উদ্ধার
হাজারীবাগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: গ্রেপ্তার ৫
রাজবাড়ীর কালুখালিতে প্রায় ১৪লক্ষ টাকার ৪৫৭ বোতল মাদকসহ একজন গ্রেফতার
ধানমন্ডিতে ছুরিকাঘাতে নারী নিহত, ছেলে আটক
উখিয়া আশ্রয়শিবির উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অস্ত্রের মুখে অপহরণের পর আরএসও সদস্যকে পিটিয়ে হত্যা
পাবনায় হাটের কার্যালয়ে গুলি করে দুজনকে হত্যা
আইইডিসিআরের পরিচালককে মারধর ড্যাব নেতা জাহিদের নাম উল্লেখ করে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চান জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা
ফরিদপুরে ইজিবাইকে তুলে নিয়ে যুবকের রগ কেটে দেওয়ার অভিযোগ

Law News24.com News Archive

আর্কাইভ